বিএনপি কর্মী আটক – চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে মাছ চুরি করে নিউমার্কেট মাছ বাজারে বিক্রি করার সময় বিএনপি কর্মী দাবিদার আসমাউল ও কামাল নামের ২ জনকে আটক করেছে স্থানীয়রা। পরে ঝিলিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলামের জিম্মায় আসমাউল ও কামালকে ছেড়ে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ঝিলিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জে মাছ চুরি করায় ২ বিএনপি কর্মী আটক
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেট মাছবাজার এলাকায়। জানা গেছে, আজ মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়ানগর এলাকায় জনৈক ধুলুর পুকুর থেকে আতাহার এলাকার আসমাউল,কামাল, তুহিন, কাদের, আঙ্গুর, সুমনসহ ৮জন প্রায় ৮ মণ মাছ পুকুর থেকে চুরি করে মারে।

পরে আসাউল ও কামাল প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মাছ চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেট মাছ বাজারে বিক্রি করতে আসে। পুকুর মালিক ধুলু সকালে পুকুরে মাছ ধরতে গিয়ে মাছ চুরির বিষয়টি টের পেয়ে সাথে সাথে নিউমার্কেট মাছ বাজারে আসে এবং চুরিকৃত মাছ ৭ হাজার টাকায় বিক্রির সময় কামাল ও আসমাউলকে স্থানীয়দের সহায়তায় আটক করে।
পরে তারা মাছ চুরির কথা স্বীকার করে জানান, এঘটনায় আতাহার এলাকার ৮ জন জড়িত রয়েছে। পরে তাদের স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলামের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে ঝিলিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম জানান, তার জিম্মায় দেয়া মাছ চোরদের স্থানীয়ভাবে বিচার করা হবে।