চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আসা তিনটি গরুসহ তিন চোরাকারবারিকে আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তে গরুসহ তিনজন আটক
সোমবার সকাল ৭টার দিকে বাখের আলী বিওপির একটি টহলদল গোয়ালডুবি ঘাট এলাকা থেকে গরুসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলীর গ্রামের জালাল উদ্দীনের ছেলে বাকিদুর রহমান (৩৫), একই উপজেলার সূর্যনারায়ণপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামের সোনাউদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৩৫), শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল করিম (৩০)। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি ঘাট এলাকায় নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হতে পারে। এ সংবাদের ভিত্তিতে ওই বিওপির টহলদল ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় তিনজনকে গরু নিয়ে যাওয়ায় তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা ঘন কুয়াশার সুযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে গরুসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, গরুগুলো ভারত থেকে নিয়ে আসছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়। তিনি আরো জানান, সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে।